
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ১০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) চালানো এই হামলায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একাধিক তাঁবু ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে কয়েকজন শিশুকে প্রথমে কুয়েত সাহরা ফিল্ড হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় বাস্তুচ্যুত পরিবারগুলো তাঁবুর ভেতরে অবস্থান করছিল। বিস্ফোরণের পর আশপাশের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠান।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সংঘাতে উপত্যকার অধিকাংশ বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় গত শুক্রবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ১৪৪ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৭০৩ জন আহত হয়েছেন।
সূত্র: Reuters


























