
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে।
বক্তব্যের শুরুতেই ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করেন ডা. শফিকুর রহমান। এরপর বিলটির রিপোর্ট প্রদানের সময় বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ইতিবাচক অবস্থানেরও প্রশংসা করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, তাঁর অবস্থান ইতিবাচক হওয়ায় তিনি খুশি হয়েছেন। এরপর মোনাজাতের ভঙ্গিতে দুই হাত তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া করেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি ওনার দিলটাকে অনেক বড় করে দাও। আল্লাহ তায়ালা, জাতির স্বার্থেই বড় করে দিন।’
তবে বক্তব্যে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসাই করেননি বিরোধীদলীয় নেতা। র্যাব বিলুপ্তির পর জাতীয় স্বার্থে নতুন কোনো বিশেষায়িত বাহিনী বা ব্যুরো গঠনের প্রয়োজন হলে বিরোধী দল বাধা দেবে না বলেও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, কোনো বিশেষায়িত বাহিনী গঠন করা হলে সেটি যেন যথাযথভাবে যাচাই-বাছাই ও গবেষণার মাধ্যমে করা হয়। অতীতে র্যাবের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে এ বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
র্যাবের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগের একটি উদাহরণ। অতীতের বিভিন্ন ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যেও ভয় ও ট্রমা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, বিলটি আরও সময় নিয়ে বাস্তবধর্মীভাবে পর্যালোচনা করা হলে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতে পারে। এ বিষয়ে তিনি আগামী সপ্তাহে বিলটি উত্থাপনের বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান সংসদকে তিনি ‘মজলুমের সংসদ’ হিসেবে দেখতে চান। অতীতে নির্যাতনের শিকার অনেক মানুষ এখনো সেই স্মৃতি থেকে পুরোপুরি বের হতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের প্রসঙ্গও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দীর্ঘ সময় পর আরমান ফিরে আসার পর তাঁর সন্তানদের মধ্যেও ভয় ও মানসিক দূরত্ব তৈরি হয়েছিল।
এরপর আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি তার দিলটাকে বড় করে দাও।’
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হাসিমুখে প্রতিক্রিয়া জানান। বিরোধীদলীয় নেতার আবেগ ও অনুভূতিকে ধারণ করার কথাও জানান তিনি।



























