Only My Life For Allah:
ইসলাম ধর্ম গ্রহণকারী বিশ্ব বিখ্যাত ১০ ফুটবলার
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি মানুষের মতো ফুটবলের সবুজ গালিচায় আলো ছড়ানো অনেক জনপ্রিয় তারকাও ইসলাম ধর্মের সুমহান আদর্শ ও শান্তির বার্তায় অনুপ্রাণিত হয়ে মুসলিম হয়েছেন। তাদের কেউ ব্যক্তিগত গবেষণা ও অনুভূতির তাড়নায়, আবার কেউ প্রিয়জনের অনুপ্রেরণায় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। বিশ্ব ফুটবলের এমন ১০ জন তারকা ফুটবলারকে নিয়ে এই প্রতিবেদন:
১. থিয়েরি অঁরি
ফরাসি ফুটবলের কিংবদন্তি স্ট্রাইকার থিয়েরি অঁরি ২০০৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর্সেনাল, বার্সেলোনা ও জুভেন্টাসের মতো ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবের হয়ে মাঠ মাতানো এই ফরাসি তারকা কাতারভিত্তিক একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান, মুসলিম পরিচয় তাকে সবসময় গর্বিত করে। ১৯৯৮ সালের ফিফা বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো জয়ী এই তারকা তার ইসলামগ্রহণের পেছনে সতীর্থ ফুটবলার ফ্রাঙ্ক রিবেরি এবং এরিক আবিদালের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেছিলেন।
২. ক্লারেন্স সিডর্ফ
নেদারল্যান্ডসের সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন ক্লারেন্স সিডর্ফ ২০২২ সালের মার্চ মাসে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও আয়াক্সের জার্সিতে একাধিক উয়েফা চ্যাম্পিয়নশিপ জেতা এই ডাচ তারকা জানান, বিশ্ব মুসলিম পরিবারের অংশ হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং ইসলামের গভীরতা তাকে সবসময় পুলকিত করে।
৩. টমাস পার্টি
ঘানা জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার টমাস পার্টি ২০২২ সালের মার্চ মাসে মরক্কোর সারা বেলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে ‘মুহাম্মাদ ইয়াকুব’ রাখেন। ক্যারিয়ারে দুই দফায় ঘানার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা এই তারকা জানান, পারিপার্শ্বিক কিছু বন্ধুকে হারালেও ইসলাম গ্রহণের সিদ্ধান্তে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট ও অবিচল ছিলেন।
৪. ইমানুয়েল আদেবায়োর
টোগোর ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ও দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইমানুয়েল আদেবায়োর ২০১৫ সালে পবিত্র ইসলামের সুন্দরে মুগ্ধ হয়ে মুসলিম হন। আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলা এই ফরোয়ার্ড মূলত ইসলামের মানবিক শিক্ষা ও মূল্যবোধে গভীরভাবে অনুপ্রাণিত হয়ে এই পথ বেছে নেন।
৫. ড্যানি ব্লাম
জার্মান ফুটবলার ড্যানি ব্লাম ২০১৪ সালে ইসলাম ধর্মের প্রতি নিজের গভীর অনুরাগের কথা জানান এবং পরবর্তীতে ২০১৫ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন। বুন্দেসলিগার বিভিন্ন ক্লাবে খেলা এই জার্মান খেলোয়াড় ইসলাম গ্রহণের পর নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় এবং হালাল খাবার গ্রহণের মাধ্যমে সম্পূর্ণ নতুন ও শৃঙ্খলিত জীবনযাপন শুরু করেন।
৬. এরিক আবিদাল
ফরাসি ডিফেন্ডার এরিক আবিদাল ২০০৭ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে ‘বিলাল আবিদাল’ রাখেন। বার্সেলোনা ও লিঁও ক্লাবের সাবেক এই তারকা জানান, তার স্ত্রী এই যাত্রায় বড় নিয়ামত হিসেবে কাজ করলেও তিনি সম্পূর্ণ নিজ ইচ্ছায় ও আত্মতৃপ্তি থেকে ইসলাম গ্রহণ করেছেন। লিভার টিউমার জয় করে মাঠে ফেরা এই ফুটবলার ২০১৪ সালে পেশাদার ক্যারিয়ার থেকে বিদায় নেন।
৭. নিকোলাস আনেলকা
ফরাসি তারকা স্ট্রাইকার নিকোলাস আনেলকা মাত্র ১৬ বছর বয়সে শৈশবের বন্ধুদের অনুপ্রেরণায় প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেন। চেলসি, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও লিভারপুলের মতো নামী ক্লাবে খেলা আনেলকা এক সাক্ষাৎকারে জানান, রোজা রাখা ও ইসলামের অনুশাসন তার আত্মাকে পবিত্র ও শান্তিময় করে তুলেছে।
৮. ফ্রাঙ্ক রিবেরি
ফ্রান্স ও বায়ার্ন মিউনিখের কিংবদন্তি উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি আলজেরিয়ান বংশোদ্ভূত মুসলিম স্ত্রী ওয়াহিবার অনুপ্রেরণায় ইসলাম গ্রহণ করেন। তিনবারের বর্ষসেরা ফরাসি ও জার্মান ফুটবলার পুরস্কার বিজয়ী রিবেরি জানান, ইসলাম ধর্ম তাকে মানসিকভাবে শক্তিশালী করেছে এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় তাকে জীবনের প্রকৃত শান্তি এনে দিয়েছে।
৯. ফ্রেডেরিক কানাউট
মালি ও সেভিডার সাবেক তারকা স্ট্রাইকার ফ্রেডেরিক কানাউট ১৯৯৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। স্প্যানিশ ক্লাব সেভিলার হয়ে গোল করে মাঠে আলো ছড়ানো এই ফুটবলার ইসলাম গ্রহণের পর অনন্য এক নজির স্থাপন করেন; জুয়া প্রতিষ্ঠানের লোগোযুক্ত ক্লাবের মূল জার্সি পরতে অস্বীকৃতি জানিয়ে তিনি সবসময় ব্র্যান্ড-মুক্ত সাধারণ জার্সি পরে মাঠে নামতেন।
১০. এমেকা ইজিউগো
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও জীবনধারা দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে ২০১২ সালে ইসলাম গ্রহণ করেন নাইজেরিয়ার সাবেক ফুটবলার এমেকা ইজিউগো। ১৯৯৪ সালের ফিফা বিশ্বকাপে খেলা এই নাইজেরিয়ান তারকা একসময়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচের দায়িত্বও পালন করেছিলেন। ইসলাম ধর্ম তাকে আরও বেশি শৃঙ্খলিত মানুষে পরিণত করেছে বলে তিনি উল্লেখ করেন।।

