আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে টানা সাত দফা কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকেই সারাদেশে এই নতুন দর কার্যকর হয়েছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুস নির্ধারিত স্বর্ণের নতুন বাজারদর (ভ্যাটসহ):
২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
ক্রেতাদের জন্য বাজুসের নির্দেশনা:
অলঙ্কারের নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট ইতোমধ্যেই যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।
পুরোনো অলঙ্কার বিনিময়ের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং সরাসরি বিক্রির (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
এর আগে, সর্বশেষ গতকাল বুধবার (১৮ নভেম্বর) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৪ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

