আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এসব কর্মসূচি পালন করবে দলটি। কর্মসূচির আওতায় সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্পের মতো নানা আয়োজন রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির লোকজনের সৃষ্ট সহিংসতা এবং গণভোটের গণরায় কার্যকর না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, সংকট সমাধানের কোনো পথ ততই অস্পষ্ট হয়ে উঠছে।
তিনি বলেন, ‘আজও দেশের ২২টির বেশি জেলায় সংঘাত-হানাহানির ঘটনা ঘটেছে। দুজন নিহত হয়েছেন। গতকাল হাসপাতালে ভাঙচুর, সংসদ সদস্যের বাড়ি ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছে। জামায়াতে ইসলামীর দোকানপাট ও বাসাবাড়িতেও ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একের পর এক এসব ঘটনা ঘটছে। পরিস্থিতি এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকারের ব্যর্থতায় অব্যাহত অবনতিশীল পরিস্থিতির শিকার হচ্ছি আমরা। জনগণ খুবই চিন্তিত, দেশের সামনে কী হতে যাচ্ছে। জাতীয় সংকট মোকাবিলায় জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি সূত্র থাকতে হবে। কিন্তু সরকার সেই জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে সরে যাচ্ছে। গণভোটের গণরায় তারা মানছে না।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বিএনপি মাঠে থাকলেও জামায়াতের অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরাও মাঠেই আছি। আমরা তো আকাশে নেই। তবে প্রতিহত ও প্রতিরোধ শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা জনগণকে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করব।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো নয়, মানুষ খুন করা নয়। নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই হচ্ছে আমাদের প্রতিহত করার বড় শক্তি। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে আমরা দেব না। তবে আমাদের আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে এবং নিয়মতান্ত্রিকভাবে। আমরা কোনো সহিংসতার পথ উন্মুক্ত করে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ দিতে চাই না।
মিয়া গোলাম পরওয়ার জানান, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায় জামায়াত। রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দলগতভাবে এই ৪০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

