
আওয়ার টাইমস নিউজ।
স্টাফ রিপোর্টারঃ দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত আড়াই লাখেরও বেশি ব্যক্তিকে চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে মাসিক সম্মানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন উপকারভোগীকে অন্তর্ভুক্ত করা হবে।
বাংলাদেশ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর কার্যালয় গঠিত সেলের সপ্তম সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ কর্মসূচির জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার বছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এই সম্মানি কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন, ৩ হাজার মন্দিরের ৬ হাজার জন, ৭৫২টি বৌদ্ধবিহারের ১ হাজার ৫০৪ জন এবং ৩০১টি গির্জার ৬০২ জন এই সুবিধা পাবেন।
সম্মানির হার অনুযায়ী, ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষ ও যাজকদের মাসিক ৫ হাজার টাকা, মুয়াজ্জিন, সেবাইত, বিহার উপাধ্যক্ষ ও সহকারী যাজকদের ৩ হাজার টাকা এবং মসজিদের খাদেমদের মাসিক ২ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া প্রত্যেক উপকারভোগী বছরে অতিরিক্ত ২ হাজার টাকা উৎসব ভাতা পাবেন।
এ সময় উপদেষ্টা আরও জানান, উপকারভোগীদের সুবিধা অনুযায়ী মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে সম্মানির অর্থ পরিশোধ করা হবে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




























