
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ ও মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এক বড় অগ্রগতি অর্জিত হয়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার সরকার। একই সঙ্গে প্রথম ধাপে মালয়েশিয়ায় অবস্থানরত আরও ৫ হাজার রোহিঙ্গাকেও ফেরত নিতে রাজি হয়েছে দেশটি।
বুধবার (২৯ জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার সরকারের সঙ্গে সাম্প্রতিক দ্বিপক্ষীয় সফল আলোচনার ফলেই এই ঐতিহাসিক সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই সমঝোতাকে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও দীর্ঘদিনের মানবিক সংকট নিরসনের পথে একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তবে বাংলাদেশে আশ্রিত ৩ লাখ রোহিঙ্গার আনুষ্ঠানিক প্রত্যাবাসন প্রক্রিয়া ঠিক কবে থেকে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বা তারিখ তিনি জানাননি।
প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বর্বর দমন-পীড়ন ও সহিসংতার মুখে জীবন বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী হিসেবে প্রায় ১৩ লাখেরও বেশি মানুষ বসবাস করছেন। এই চুক্তি কার্যকর হলে দীর্ঘদিনের এই শরণার্থী সংকট নিরসনে একটি নতুন আশার আলো দেখা দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।




























