
আওয়ার টাইমস নিউজ।
শিক্ষাঙ্গন ডেস্ক: প্রকাশিত এসএসসি ও সমমানের ফলাফলে দেশের শিক্ষাঙ্গনে দেখা দিয়েছে চরম হতাশার ছবি। সারা দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বড় ধরনের আলোড়ন। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বছর সব মিলিয়ে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিয়েছিল।
ফল বিশ্লেষণ করে দেখা যায়, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের তালিকায় সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডের অধীনে থাকা সর্বোচ্চ ২২৬টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাসের মুখ দেখতে পায়নি। এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে শূন্য পাসের তালিকায়। এমনকি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি, যা শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র ফুটিয়ে তুলেছে।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরিতে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। শিক্ষামন্ত্রীর হাতে নিজ নিজ বোর্ডের ফলাফল হস্তান্তর করেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। ফলাফলে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও শতভাগ ফেল করা ৩১২ প্রতিষ্ঠানের ঘটনা পুরো শিক্ষা ব্যবস্থার পড়াশোনার মান ও জবাবদিহিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।




























