
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশে মানুষের সংখ্যা বেশি হলেও দক্ষ কর্মীর অভাব রয়েছে, যা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বড় চ্যালেঞ্জ।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৬’ এর আঞ্চলিক প্রতিযোগিতা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই বর্তমান সরকার এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আগামী জাতীয় বাজেটেও কারিগরি শিক্ষার জন্য বিশেষ বরাদ্দ রাখা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, উন্নত দেশগুলো যেমন জাপান, জার্মানি ও কানাডা কারিগরি শিক্ষার মাধ্যমেই অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। বাংলাদেশও একই পথে এগিয়ে যেতে চায়। এজন্য কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করা হচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য দ্রুত দক্ষতা অর্জন করে কর্মসংস্থান সৃষ্টি করা। অতিরিক্ত ও অপ্রয়োজনীয় পড়াশোনার চেয়ে বাস্তবমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে, যাতে তরুণরা দেশে ও বিদেশে কাজের সুযোগ পায়।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগের সময় অনেক প্রকল্পে অনিয়ম ও অপচয় হয়েছে, বিশেষ করে প্রশিক্ষণের নামে বিপুল অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। ভবিষ্যতে প্রতিটি খাতে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
তিনি জানান, পলিটেকনিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস মনিটরিংয়ের জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষকদের কার্যক্রম আরও স্বচ্ছভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।





























