
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়া, ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার আশঙ্কায় কয়েকটি নদীবন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে রাজশাহী, পাবনা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত ও ঝড়ের সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা জরুরি।




























