
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম গত সপ্তাহে কমানোর পর আজও সেই নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। সর্বশেষ গত বুধবার স্বর্ণের দাম সমন্বয় করে ভরিপ্রতি ৯ হাজার ২১৪ টাকা কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
রোববার (৮ মার্চ) বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজুসের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচামালের মূল্য পরিবর্তনের কারণে স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করা হয়ে থাকে।




























