
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মানহানির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাকে ৮ মাসের আগাম জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, সকালে আগাম জামিনের আবেদন নিয়ে সশরীরে আদালতে উপস্থিত হন তিনি। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গত ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার বিবরণে বলা হয়, গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল এ মামলা দায়ের করেন। আদালত ওইদিনই আমির হামজাকে সমন জারি করে নির্ধারিত তারিখে হাজির হওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে জ্বালানিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছিল।




























