
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের জন্য ৬০ দিনের টোল মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে কোনো ধরনের ফি পরিশোধ করতে হবে না।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সমঝোতার অংশ হিসেবে এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো আগামী ৬০ দিন বিনা খরচে হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণালি ব্যবহারের জন্য জমা হওয়া আবেদনগুলো দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নৌযান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা ও পরিচালনাগত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। পাশাপাশি নৌপথে বিদ্যমান ঝুঁকি দূর করতে মাইন অপসারণসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্ব জ্বালানি ও বাণিজ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে টোল মওকুফের সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হতে পারে।




























