
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই তিনি দেশে ফিরতে চান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তার দেশে ফেরা ব্যক্তিগত কোনো বিষয় নয়; বরং এটি জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, ক্ষমতার জন্য নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তিনি রাজনীতি করেন।
তিনি আরও বলেন, অতীতের নানা সংকট ও হামলার মুখোমুখি হয়েও তিনি জনগণের পাশে ছিলেন এবং এবারও সব ধরনের বাধা অতিক্রম করে দেশে ফিরবেন।
আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা বলেন, দলটি দীর্ঘ ইতিহাসের একটি রাজনৈতিক সংগঠন এবং অতীতেও নানা প্রতিকূলতা মোকাবিলা করে টিকে আছে। তার দাবি, দলটির প্রতি জনগণের সমর্থন এখনো রয়েছে এবং বিভিন্ন স্থানে সমর্থকদের কর্মসূচি সেই বাস্তবতারই প্রতিফলন।
সাক্ষাৎকারে তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির অবনতি হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জনও নাকচ করেন শেখ হাসিনা। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার কোনো রাজনৈতিক সমঝোতার বিষয় নয়, বরং এটি জনগণের সাংবিধানিক অধিকার।
ভারতে অবস্থান করলেও তার মন বাংলাদেশেই পড়ে থাকে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং জনগণের শক্তিতেই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে বলে তিনি বিশ্বাস করেন।
সূত্র: এনডিটিভি



























