
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হায়দরাবাদে তার নামে একটি সড়কের নামকরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের সম্মান লাভ করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প হায়দরাবাদে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ নামকরণকে বিশেষ সম্মান হিসেবে উল্লেখ করে ভারতকে ধন্যবাদ জানান।
সম্প্রতি ভারতের তেলেঙ্গানা সরকার হায়দরাবাদে মার্কিন কনস্যুলেটের কাছের একটি সড়কের নতুন নামকরণ করে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। এরপরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানান ট্রাম্প।
তিনি তার পোস্টে নামফলক উন্মোচনের একটি ছবিও শেয়ার করেন। ওই অনুষ্ঠানে তেলেঙ্গানা সরকারের প্রতিনিধি এবং ভারতে নিযুক্ত মার্কিন কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন নামকরণ করা সড়কটি হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত। এর আশপাশে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যালয় রয়েছে।
তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের প্রতি সৌহার্দ্যের প্রতীক এবং ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্রমবর্ধমান সহযোগিতার প্রতিফলন।



























