
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদন: গাজীপুরের মাটিতে ঘটেছে এক বিভীষিকাময়, রক্ত-হিম করা অপরাধ। জাতির সাহসী সূর্যসন্তান, নির্ভীক সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা সত্য বলার অপরাধে দিনের পর দিন হুমকি দিয়ে আসছিল, কিন্তু তিনি নতি স্বীকার করেননি। চাঁদাবাজ চক্রের কালো থাবা উদঘাটন করে লাইভ সম্প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই, রাতের আঁধারে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জনসম্মুখে একদল মনুষ্যত্বহীন খুনে সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনা শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতিকে মর্মাহত ও বাকরুদ্ধ করে দিয়েছে।
আওয়ার টাইমস নিউজ পরিবার এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্রতম নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এটি শুধু একজন সাংবাদিককে হত্যা নয়-এটি সত্য ও ন্যায়ের কণ্ঠরোধ, জনগণের জানার অধিকারকে হত্যা, এবং গণতন্ত্রের বুকে বিষধর আঘাত। যে দেশে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
আমরা দৃঢ়ভাবে বলছি-এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। চাঁদাবাজ চক্র, তাদের রাজনৈতিক ও প্রভাবশালী পৃষ্ঠপোষক, এবং সকল গডফাদারদের আইনের আওতায় না আনলে এ জাতি রক্তে ভিজতে থাকবে।
আমরা সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি!
অনতিবিলম্বে হত্যাকারী ও পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করুন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষায় অবিলম্বে কার্যকর আইন প্রয়োগ করুন।
মরহুম আসাদুজ্জামান তুহিন ছিলেন সত্যনিষ্ঠ, সাহসী ও জনগণের কণ্ঠস্বর। তার হত্যার মাধ্যমে সত্যের আলো নিভিয়ে দেওয়ার যে অপচেষ্টা হয়েছে, আওয়ার টাইমস নিউজ পরিবার তা কখনো মেনে নেবে না। আমরা প্রতিজ্ঞা করছি-সত্য ও ন্যায়ের পথে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শেষ নিঃশ্বাস পর্যন্ত অব্যাহত থাকবে।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে সমগ্র জাতিকে আহ্বান জানাচ্ছি-চুপ থাকবেন না, ঘরে বসে থাকবেন না। আজ একজন সাংবাদিক নিহত, কাল এই খুনিরা আপনার দরজায় কড়া নাড়বে-এবার প্রতিরোধ গড়ে তুলুন!




























