
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ক্রীড়া, সংস্কৃতি এবং বিভিন্ন বিষয়ভিত্তিক মোট ২১টি বিভাগে কৃতী শিক্ষার্থীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিজয়ীদের মধ্যে এ পদক বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়ে তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক শিশুর উচিত প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানো। স্কুল প্রাঙ্গণ কিংবা বাড়ির আশপাশে যেখানেই সুযোগ থাকে সেখানে গাছ রোপণ করতে হবে। পাশাপাশি গাছ পরিবেশ, মানুষ ও জীববৈচিত্র্যের জন্য কীভাবে উপকার করে, সে বিষয়ে গবেষণা ও জানারও পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, একটি গাছ বড় হলে তা ছায়া, বিশুদ্ধ বাতাস ও শীতল পরিবেশ নিশ্চিত করে। তাই নিয়মিত গাছ লাগানো এবং তার পরিচর্যা করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে একযোগে বৃক্ষরোপণের মাধ্যমে দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভা বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায় পর্যন্ত এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে দেশের প্রায় ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের স্বীকৃতি হিসেবে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হয়েছে।




























