আওয়ার টাইমস নিউজ।
জাতীয় ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথভাবে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। এর বিপক্ষে ভোট দেয় মাত্র ৬টি দেশ এবং ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে দেওয়া বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক দীর্ঘদিনের এই রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পেরিয়ে গেলেও তাদের প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি। বরং দীর্ঘায়িত এই বাস্তুচ্যুতির ফলে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে নানামুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
বক্তব্যে রাষ্ট্রদূত সঞ্চিতা হক গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। সংকটের মূল উৎস উল্লেখ করে তিনি স্পষ্টভাবে বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।
এ বছরের গৃহীত প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ, নির্বিঘ্ন মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি, ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করা, তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান বাংলাদেশের প্রতিনিধি।
এদিকে, প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র এ ব্যাপারে ভোটাভুটির আহ্বান জানিয়েছিল। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের একটি সাধারণ বিরোধিতার অবস্থান রয়েছে।
তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে স্পষ্ট করে ওয়াশিংটন। একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

