
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: নাটোরের সিংড়ায় চুরি হওয়া একটি ফ্রিজ এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, চুরির ঘটনায় জড়িত এক যুবকের কাছ থেকে ফ্রিজটি কিনেছিলেন থানার এক উপ-পরিদর্শক (এসআই)। তবে বিষয়টি সামনে আসার পর তদন্তের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার বাসিন্দা মুনছের আলীর বাড়ি থেকে কিছুদিন আগে একটি ফ্রিজসহ বিভিন্ন মালামাল চুরি হয়। পরিবারের অভিযোগ, মাদকাসক্ত ছোট ভাই মাসুম আলী এসব মালামাল নিয়ে যায়।
ঘটনার রাতে চুরি হওয়া ফ্রিজ ও মালামাল ভ্যানে করে নেওয়ার সময় সিংড়া বাসস্ট্যান্ড এলাকার কাছে টহলরত পুলিশ সন্দেহভাজন ভ্যানটি থামায়। এ সময় অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও ফ্রিজ ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
পরে স্থানীয় কয়েকজন দাবি করেন, জব্দ করা ফ্রিজটি থানার এক এসআই নিজের বাসায় নিয়ে যান। পরবর্তীতে অভিযুক্ত যুবক সেখানে গিয়ে ফ্রিজ বিক্রির কথা স্বীকার করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন তৈরি হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পরে তারা থানায় গিয়ে অভিযোগ করেন এবং স্থানীয়ভাবে সমাধানের মাধ্যমে ফ্রিজটি ফেরত পান। পরিবারের দাবি, পুরো ঘটনায় তারা মানসিকভাবে ভোগান্তির শিকার হয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের পুলিশ সুপার শরীফুল হক জানান, অভিযোগ পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


























