
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে এবার নতুন আলোচনা শুরু হয়েছে। ঈদুল আজহার দিন মহিষটি দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড়ের মধ্যেই এর পরিচিতি ফলকে থাকা একটি বানান ভুল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটির তথ্যসংবলিত ফলকে নাম লিখতে গিয়ে ভুলবশত ‘ডোনাল্ড ট্রাম্প’-এর পরিবর্তে ‘ডোনাল্ড ট্টাম্প’ লিখেছে। বিষয়টি দর্শনার্থীদের নজরে আসার পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টি নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করছেন, আবার কেউ কেউ এটিকে দায়িত্বহীনতার উদাহরণ হিসেবে দেখছেন।
এরই মধ্যে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। বানান ভুলের কারণে আলোচিত মহিষটি আবারও নতুন করে ভাইরাল হয়ে উঠেছে।
উল্লেখ্য, প্রায় ৭০০ কেজি ওজনের বিরল অ্যালবিনো জাতের এই মহিষটি কোরবানির পশুর হাটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এর গোলাপি-সাদা বর্ণ, মাথার সোনালি রঙের লোম এবং ব্যতিক্রমী চেহারার কারণে খামারিরা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নাম অনুসারে এর নামকরণ করেন।
পরে জনসাধারণের আগ্রহ ও নিরাপত্তার বিষয় বিবেচনায় মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।


























