
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন কেন তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। ২০২৬ বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেই দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে গড়েছেন নতুন ইতিহাস। তার এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড সৃষ্টি হয়েছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরু থেকেই একাদশে ছিলেন না মেসি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামার পরই বদলে যায় ম্যাচের চিত্র। ৮০তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে বল জড়িয়ে দেন জালে। তার গোলের পর পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।
এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে উন্নীত করেছিলেন মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ডকে আরও সমৃদ্ধ করেন তিনি। চলতি বিশ্বকাপে তিন ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬, যার মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিক।
২০২২ বিশ্বকাপের নকআউট পর্ব থেকে শুরু হওয়া ধারাবাহিক গোলের ধারা ২০২৬ বিশ্বকাপেও বজায় রেখেছেন মেসি। কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করার পর এবার আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও জাল কাঁপিয়েছেন তিনি।
এর আগে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের জুস্ত ফঁতেঁ এবং ব্রাজিলের জাইরজিনহোর। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাসের মালিক হয়েছেন মেসি।
গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। একই কৃতিত্ব দেখিয়েছে ফ্রান্স ও মেক্সিকোও।




























