
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের মহিলা মাদ্রাসাগুলোর শৃঙ্খলা, নিরাপত্তা ও মানোন্নয়নে ১০ দফা দিকনির্দেশনা দিয়েছে তরুণ আলেমদের প্ল্যাটফর্ম ‘সাধারণ আলেম সমাজ’। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বলেছে, কিছু বিচ্ছিন্ন অনিয়মের কারণে পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়তে পারে, যা দ্রুত প্রতিরোধ করা জরুরি।
রোববার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা জানায়, দ্বীনি শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে মহিলা মাদ্রাসাগুলোকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে।
প্রস্তাবিত দফাগুলোর মধ্যে রয়েছে, অননুমোদিত মাদ্রাসা বন্ধ করে নিবন্ধন বাধ্যতামূলক করা, শক্তিশালী পরিচালনা কমিটি গঠন, নিরাপদ আবাসিক ব্যবস্থার নিশ্চয়তা এবং নারী শিক্ষার্থীদের সুরক্ষায় বিশেষ তদারকি ব্যবস্থা চালু করা।
এছাড়া প্রতিটি মাদ্রাসায় বোর্ডভিত্তিক পর্যবেক্ষণ জোরদার, অভিযোগ গ্রহণের জন্য আলাদা সেল চালু এবং শিক্ষক-শিক্ষিকাদের কেন্দ্রীয় নিবন্ধন ও ব্ল্যাকলিস্ট প্রথা চালুর কথাও বলা হয়েছে। কোনো অনৈতিক কর্মকাণ্ড প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সিলেবাসে ব্যবহারিক শিক্ষার অন্তর্ভুক্তি, আর্থিক অডিট ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং অভিভাবকদের আরও সচেতন হওয়ার বিষয়টিও প্রস্তাবনায় উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ন রাখতে আলেমসমাজকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব নিতে হবে। কোনো অপরাধীর ক্ষেত্রে পরিচয় বা অবস্থান বিবেচনা না করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।



























