
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর আগেই অনিশ্চয়তার ছায়া পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। এই সংকটের পেছনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকা নিয়ে প্রকাশ্য সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।
স্কাই স্পোর্টসের একটি পডকাস্টে মাইকেল অ্যাথারটনের সঙ্গে আলোচনায় নাসের হুসেইন বলেন, বিশ্ব ক্রিকেটে আইসিসির সিদ্ধান্তে নিরপেক্ষতার অভাব স্পষ্ট হচ্ছে। তার অভিযোগ, প্রভাবশালী বোর্ডগুলোর প্রতি বিশেষ সুবিধা দেওয়া হলেও বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলোর ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হচ্ছে না।
বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স হঠাৎ করে পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর যে জটিলতা তৈরি হয়েছে, তা শুধু একটি খেলোয়াড় বা একটি দলের নয়, বরং পুরো ক্রিকেট ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেছে। এর পরপরই বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন পাকিস্তান ঘোষণা দেয়, তারা গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এতে টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে পুরো আয়োজন অনিশ্চয়তার মুখে পড়ে। কলম্বোতে নির্ধারিত ভারত–পাকিস্তান ম্যাচ নিয়েও প্রশ্ন তৈরি হয়।
আইসিসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলে নাসের হুসেইন বলেন, যদি ভারত সরকার বা নিরাপত্তাজনিত কারণে কোনো দেশে খেলতে যেতে অস্বীকৃতি জানাত, তাহলে কি আইসিসি একই ধরনের কঠোর সিদ্ধান্ত নিত? তার মতে, নিয়ম যদি সবার জন্য সমান না হয়, তাহলে বিশ্ব ক্রিকেটে ন্যায্যতা বজায় থাকে না।
বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ যেভাবে নিজেদের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসার যোগ্য। একইভাবে পাকিস্তানও বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে সঠিক বার্তা দিয়েছে।
তার ভাষায়, রাজনীতি অনেক হয়েছে, এখন ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার সময়। নাসের হুসেইনের মতে, বারবার রাজনৈতিক চাপ প্রয়োগ করা হলে ক্রিকেটের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। তবে সব প্রতিকূলতার মধ্যেও পাকিস্তানের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, এত বাধা সত্ত্বেও তারা মাঠে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে যাচ্ছে।































