
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সারাদেশে চলমান বৈরী আবহাওয়ার কারণে যদি কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পেরে থাকে, তবে তাদের জন্য প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে থাকা ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর (ফুল ক্রেডিট) দেওয়া হবে বলেও সংসদকে আশ্বস্ত করেছেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে মন্ত্রী শিক্ষার্থীদের দুশ্চিন্তা মুক্ত হয়ে দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্রের ত্রুটি নিয়ে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রামে বন্যার কারণে আগেই পরীক্ষা স্থগিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের ওপর ভিত্তি করেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
তবে আকস্মিক প্রতিকূল পরিস্থিতিতে যেখানেই পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পদার্থবিজ্ঞানের বিতর্কিত ৬ ও ৭ নম্বর প্রশ্নের ভুলের জন্য সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে জানিয়ে মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিলেও এই প্রশ্নগুলো বিগত সরকারের আমলে তৈরি করা হয়েছিল। এছাড়া, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি সাধারণ বা বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।




























