
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) এবং ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম জানিয়েছেন, সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ছাত্রশিবিরে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন।
সাদিক কায়েম লেখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার কাছে একটি আবেগ ও ভালোবাসার সংগঠন। দীর্ঘ সময়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, সংগঠনের নিয়ম অনুযায়ী আজ তার আনুষ্ঠানিক দায়িত্ব শেষ হয়েছে। এ জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো এই সংগঠনের সঙ্গেই কেটেছে। ছাত্রশিবির তাকে দেশ ও জাতির জন্য ভাবতে, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করেছে বলেও উল্লেখ করেন। পাশাপাশি আত্মিক ও আধ্যাত্মিক বিকাশে সংগঠনটির ভূমিকার কথাও তুলে ধরেন।
স্ট্যাটাসে তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের সঙ্গে কাটানো সময় তার জীবনের অন্যতম বড় অর্জন। তাদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত শিক্ষা ও অনুপ্রেরণা পেয়েছেন বলেও উল্লেখ করেন।
সবশেষে তিনি ইসলামী ছাত্রশিবিরের জন্য দোয়া করেন। আল্লাহ যেন সংগঠনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক কবুল করেন, মজলুম মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাদের সফল করেন এবং ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব দান করেন, সেই প্রার্থনাও জানান সাদিক কায়েম।




























