
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, এর প্রভাব বাংলাদেশের বাজারেও পড়তে পারে এবং আগামী দিনে স্বর্ণ ও রুপার দাম আরও কমানোর সম্ভাবনা রয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে ৩ হাজার ৯৯৬ দশমিক ৭৬ ডলারে নেমেছে, যা চলতি মাসের শুরু থেকে সর্বনিম্ন। একই সময়ে মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তেলের মূল্যবৃদ্ধির কারণে বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ায় বিনিয়োগকারীরা সোনায় অবস্থান কমাতে শুরু করেছেন।
ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, তেলের দাম বর্তমান ধারা বজায় থাকলে সোনার দাম আরও কমে প্রতি আউন্স ৩ হাজার ৮০০ ডলার, এমনকি ৩ হাজার ৫০০ ডলার পর্যন্ত নেমে যেতে পারে।
এদিকে সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আগামী সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বাড়াতে পারে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার চাহিদা আরও কমতে পারে।
শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ দশমিক ৫৫ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য কমলে সাধারণত দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়। ফলে বিশ্ববাজারের এই পতনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে।
এর আগে ১৩ জুলাই বাজুস প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা এবং প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়েছিল। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা এবং ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারিত রয়েছে।
সূত্র: রয়টার্স




























